বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, প্রবালদ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের একটি অংশ। সে হিসেবেই এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। দ্বীপে যে জনবল রয়েছে তা সীমান্ত নিরাপত্তায় যথেষ্ট।
মঙ্গলবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের এসব কথা বলেন।
মঙ্গলবার বেলা দেড়টায় বিশেষ হেলিকপ্টারে তিনি সেন্টমার্টিন দ্বীপে আসেন। এ সময় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও অপস অফিসার মেজর রুবাইয়াত বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান। এরপর সরাসরি সেন্টমার্টিনের কোনাপাড়ার সংলগ্ন বিজিবির অস্থায়ী বিওপি পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক। পরে বিওপিটির স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য তিনি নির্বাচিত জায়গা ঘুরে দেখেন। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন স্থাপনা নির্মাণ সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রদান করে বেলা আড়াইটার দিকে হেলিকপ্টারে করে তিনি দ্বীপ ত্যাগ করেন।
আরও পড়ুন: ৮ বছরের কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেফতার
সেন্টমার্টিনে দীর্ঘ ২২ বছর পর নতুন করে সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন এবং বিওপি প্রতিষ্ঠার পর এটি বিজিবির কোনো মহাপরিচালকের প্রথম সফর। এর আগে দ্বীপটিতে বিজিবি সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকলেও কোস্টগার্ড নিয়োজিত করার পর বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে সেন্টমার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করেছিল মিয়ানমার। মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইটে তাদের দেশের মানচিত্রে সেন্টমার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ দেখানো হয়। ৬ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের তৎকালীন রাষ্ট্রদূত উ লুইন ও’কে তলব করে এর প্রতিবাদ জানায়। এরপর মিয়ানমার মানচিত্র থেকে সেটি পরিবর্তন করে।
ইত্তেফাক/অনি
