আগৈলঝাড়ায় মন্দিরে ভাঙচুর-চুরি, পূজারি গ্রেফতার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫২

আগৈলঝাড়ার রাধা গোবিন্দ মন্দিরের প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনায় মন্দিরের পূজারীকে বুধবার গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

থানার ওসি আফজাল হোসেন জানান, গৈলা ইউনিয়নের পূর্ব পতিহার গ্রামে সরকার (শীল) বাড়ির রাধা গোবিন্দ মন্দিরে রহস্যজনক চুরি হওয়া মালামালের কিছু অংশ মঙ্গলবার সকালে ওই মন্দিরের পূজারি আরতী শীলের ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মন্দির চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চুরি মামলার বাদী ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরাণ শীল ও পূজারী আরতী শীলকে আটক করে থানায় এনে গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকায় আরতী শীলকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করলেও ছেড়ে দেয়া হয় পরাণ শীলকে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। আদালতে পূজারির বক্তব্য প্রদানের পর চুরির মামলা নাটকীয় মোড় নিতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। সর্ষের মধ্যেই ভুত থাকার ইঙ্গিত প্রদান করেন তিনি।
 
প্রসঙ্গত, চলতি বছর ১৮ এপ্রিল রাতে উল্লেখিত মন্দিরের গ্রিল ভেঙে মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুর করে প্রতিমার গায়ের স্বর্ণের টিপ, টিকলী ও প্রনামী বাক্সের টাকা ও মন্দিরে পূজায় ব্যবহৃত কাসা পিতলের অন্তত ১৫ কেজি থালা বাসন নাটকীয় চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় মন্দির কমিটির সভাপতি পরাণ চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামরা দায়ের করেছিলেন।

ইত্তেফাক/এএম