‘দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে গিয়ে কেউ বিপদগ্রস্ত হলে তাদের সুরক্ষা দেওয়া হবে’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪২

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মন্ত্রণালয়সহ অধিদফতর-সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতিমুক্ত হয়ে স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উন্নয়ন প্রকল্পসমূহের পৃথক-পৃথক এডিপি সভায় সভাপতিত্বকালে তিনি এই আহ্বান জানান।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের কারো অবৈধ-অনৈতিক চাপের কাছে নতিস্বীকার না করতে নির্দেশ দিয়ে বলেন, 'সরকারি কাজে দুর্নীতিমুক্ত হয়ে নির্ভয়ে কাজ করতে গিয়ে কেউ বিপদগ্রস্ত হলে তিনি তাদের সুরক্ষা দেবেন। বিভিন্ন স্থাপনা নির্মাণ, টেন্ডার ও ঠিকাদারিসহ দেশের দুর্নীতিরোধে প্রধানমন্ত্রী দল থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন, যা সরকারি পর্যায়েও শুরু করা হবে। তাই উন্নয়ন প্রকল্পের কাজ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সঙ্গে করলে কর্মচারীদের ভয়ের কিছু নেই।'

প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ভুক্ত বিভিন্ন অফিস-স্থাপনাসমূহকে দৃষ্টিনন্দন ও রুচিশীল পরিবেশের আওতায় আনার আহ্বান জানিয়ে বলেন, 'জরাজীর্ণ ও নোংরা পরিবেশের অফিসে কাজ করতে সংশ্লিষ্ট কর্মচারীরাও হীনমন্যতায় ভুগে থাকেন, যা কাম্য নয়।'

আরও পড়ুন:  দুর্নীতি যারাই করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: কাদের

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে প্রাণিসম্পদ উপখাতে ১৯টি এবং মৎস্য উপখাতে ১৭টি মিলে মোট ৩৬টি প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে দ্বিগুণেরও বেশি। এরমধ্যে আগস্ট পর্যন্ত মোট ব্যয় হয়েছে প্রায় ৪৩ কোটি টাকা। গত ২০১৮-১৯ অর্থবছরে মোট ৩৬টি প্রকল্পেও প্রায় ৮০৩ কোটি টাকা বরাদ্দ ছিল এবং একই সময়ে ব্যয় হয়েছিল প্রায় সাড়ে ২৩ কোটি টাকা। চলতি অর্থবছরে শুধু প্রাণিসম্পদ উপখাতের ১৯টি প্রকল্পে বরাদ্দকৃত ৯৯৩ কোটি ৫৭ লাখ টাকার মধ্যে আগস্ট পর্যন্ত পৌনে ২৩ কোটি এবং মৎস্য উপখাতে ১৭টি প্রকল্পে বরাদ্দকৃত ৬২২ কোটি ৯৩ লাখ টাকার মধ্যে সোয়া ২০ কোটি টাকা ব্যয় হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি