মুন্সীগঞ্জে একইদিনে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন, মোঃ শরীফ (১৫), দেলোয়ার হোসেন (৪০) এবং মো. জাহিদুল ইসলাম (১৯)।
মোঃ শরীফ (১৫) উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকী গ্রামের আব্দুর রশীদের ছেলে। সে একজন স্কুলছাত্র। বজ্রপাতে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, বুধবার দুপুর পৌনে তিনটায় বিদ্যালয় থেকে বাড়ি ফিরে প্রতিবেশী মুন্নার সঙ্গে নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। এ সময় আচমকা ঝড় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই শরীফের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত মুন্নাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া লঞ্চ ঘাটের পদ্মা নদীতে পরে নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর মো. দেলোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের ডুবরি দল। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিন মেদিনীমন্ডলের মাহমুদপট্রি গ্রামের মৃত মোবারক হোসেনের পুত্র।
দেলোয়ার হোসেন পেশায় হকার ছিলেন। তিনি শিমুলিয়া ঘাটে পানি ও পাপর বিক্রি করতেন। এ ছাড়া তিনি পদ্মা সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানিতে লেবার হিসেবে কর্মরত ছিলেন।
মাওয়া নৌ-পুলিশ ফাড়ির আইসি এসআই জহিরুল ইসলাম জানান, বুধবার সকাল ৯ টার দিকে শিমুলিয়া লঞ্চ ঘাট থেকে লিপু খান লঞ্চটি কাঠালবাড়ী ঘাটের উদ্দ্যেশ্যে ও মাঝিকান্দি ঘাটের উদ্দ্যেশ্যে সজল-৩ নামের লঞ্চ দুটি ছেড়ে যায়। এ সময় প্রাক্কালে হকার দেলোয়ার হোসেন লিপু খান লঞ্চ থেকে অপর লঞ্চ সজল-৩ এ যাওয়ার জন্য ঝাঁপ দেয়। তখন পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌপুলিশের ডুবরি দলের যৌথ প্রচেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে দেলোয়ারের লাশটি ওখানেই পদ্মা নদী হতে উদ্ধার করা হয়। পরে থানা পুলিশের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিখোঁজের ৫ দিন পর বুধবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া থেকে মো. জাহিদুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। জাহিদুল পূর্ব বাঘড়ার মৃত মুল্লুক চাঁনের ছেলে। এর আগে গত ২১ সেপ্টেম্বর শনিবার জাহিদুল নিখোঁজ হন। পরদিন রবিবার জাহিদুলের বোন শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
৫ দিন পর বুধবার সকাল ৯টার দিকে পূর্ব বাঘড়ার আজিজ মেম্বারের জমির পাশের ঝোঁপ জঙ্গলে জাহিদুলের ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। শ্রীনগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ভিসির ভাতিজার অন্যায়ভাবে শিক্ষক হওয়ার অভিযোগ
শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, গত ২২ তারিখে নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেন জাহিদুলের পরিবার। এরপর থেকে তাকে উদ্ধার চেষ্টা অব্যাহত ছিল। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাহিদুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তিনি বাঘরা এলাকার চাঞ্চল্যকর শাহাবুদ্দিন হত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি মো. রুবেলের ছোট ভাই।
ইত্তেফাক/নূহু
