নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৬

নাটোরে গৃহবধূ সখিনা হত্যার দায়ে তার স্বামী আফছার উদ্দিনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার নাটোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ  আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক বেলা সাড়ে ১২টায় এই আদেশ দেন। এ সময় অভিযুক্ত আফছার উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৬ আগস্ট নাটোর সদর উপজেলার লক্ষীপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয় আফছার উদ্দিন। তার অসুস্থ স্ত্রী সখিনাকে চিকিৎসা করানোর জন্য সঙ্গে নেন। এরপর ২৮ আগস্ট আফছার উদ্দিন বাড়িতে একা ফিরে এলে বাড়ির লোকজনের চাপের মুখে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে।

এ ব্যাপারে নিহত সখিনার ভাই দেওয়ান আলী বাদী হয়ে আফছার উদ্দিনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আফছার উদ্দিনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদে আফছার উদ্দিন স্বীকার করে যে, তার সাথে বনিবনা না হওয়ায় সে তার স্ত্রীকে হত্যা করেছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কৈগাড়ী কেষ্টপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে সখিনার কঙ্কাল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত আফছার উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

আরও পড়ুন: মিঠাপুকুরে এক বৃদ্ধকে রাতভর নির্যাতন করেছে স্থানীয় বখাটেরা

সাক্ষ্যপ্রমাণ গ্রহন শেষে অভিযুক্ত আফছার উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

ইত্তেফাক/নূহু