চার বছরেও চালু হয়নি মা ও শিশুকল্যাণ কেন্দ্র

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৮

চার বছর আগে নির্মাণকাজ শেষ হলেও চালু হয়নি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। এলাকার সাধারণ মানুষ আশা করেছিল, মা ও শিশুর চিকিৎসাসেবার জন্য তাদের আর জেলা শহরে ছুটতে হবে না। পোহাতে হবে না দুর্ভোগ। কিন্তু সে আমায় গুড়েবালি। যখন শোনা গেলো চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এটি চালু করা যাচ্ছে না। 

জানা গেছে, ২০১৪ সালের ১২ এপ্রিল গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায় তিনতলা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। দশ শয্যা ভবনটির নির্মাণ ব্যয় হয় প্রায় দেড় কোটি টাকা। নির্মাণের পর ২০১৫ সালের শেষের দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি পরিবার পরিকল্পনা বিভাগের কাছে হস্তান্তর করে।
 
কিন্তু প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়া, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব ও আসবাবপত্রের অভাবে নির্মাণকাজ শেষ হওয়ার চার বছর পরও সেবাকেন্দ্রটি চালু করা যাচ্ছে না।
 
এটি চালু হলে সেখানে একজন মেডিকেল অফিসার, ২ জন এফডব্লিউডিসহ নানা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক থাকবেন। তবে এখন পর্যন্ত ভবনটি চালু চালু না হওয়ায় একজন সিকিউরিটি গার্ড, একজন ক্লিনার, একজন নার্স ও একজন ভিজিটর সেখানে পরিবার পরিকল্পনা বিভাগের বহিঃ বিভাগের কার্যক্রম চালু রেখেছে পরিবার পরিকল্পনা বিভাগ।

আরও পড়ুন: ‘মিয়ানমারকে রোহিঙ্গা ফেরাতে বাধ্য করতে বিশ্বকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে’

গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির বলেন, এলাকাবাসী আশা অপূর্ণই থেকে গেলো। কবে নাগাদ চিকিৎসাসেবা চালু হবে তা কেউ জানে না।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, লোকবল সঙ্কটের কারণে পুরোদমে চালু করা যাচ্ছে না। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি।

ইত্তেফাক/অনি