জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ, তদন্তে জেলা প্রশাসন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২২

শরণখোলায় জেলেদের বিশেষ বরাদ্দের চাল কম দেওয়ার অভিযোগের তদন্ত করতে এবং ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জেলেরা। বাগেরহাট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল বৃহস্পতিবার দুপুরে রায়েন্দা ইউনিয়ন পরিষদ ও ইউএনওর কার্যালয়ে বসে জেলেদের সাক্ষ্য গ্রহণ করেছেন। 

জেলেদের অভিযোগ, চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেলেদের জনপ্রতি ৪৬ কেজি করে চাল বিশেষ সহায়তা দেয়। গত ২৩ আগস্ট রায়েন্দা ইউনিয়নে ওই চাল বিতরণের সময় ৭/৮ কেজি করে কম  চাল দেওয়া হয়। 

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসন থেকে তদন্তে আসার খবরে  সকাল  ১০টায় জেলে সম্প্রদায়ের ব্যানারে জেলেরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও শরণখোলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। 

এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন কর্মী সমর্থকদের নিয়ে পাল্টা মিছিল করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে  পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এদিকে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন দাবি করে বলেন, জেলেদের চাল কম দেওয়া হয়নি।

আরও পড়ুন: চার বছরেও চালু হয়নি মা ও শিশুকল্যাণ কেন্দ্র

উপজেলা নির্বাহী  অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন থেকে তদন্ত করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।
  
তদন্তকারী কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল বলেন, তদন্তে উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করা হবে।

ইত্তেফাক/অনি