রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি বাসষ্ট্যান্ড নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বগুড়া থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী বিআরটিসি (কুমিল্লা ব-১১-০০২৩) ও সৈয়দপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী বেগুন বোঝাই রিয়ামনি নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো-১২-১২০৯) বামনদীঘি নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিআরটিসি বাসের চালক (অজ্ঞাতনামা) ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন ১৭জন। এদের মধ্যে স্থানীয় তারাগঞ্জ হাসপাতালে ১০ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন, তেতুলিয়া পঞ্চগড়ের রবিউল ইসলাম (৩৭), ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন (৩০), দিনাজপুর রানীর বন্দর পাকের হাটের টিউলিপ খাতুন (২৫), নীলফামারী সৈয়দপুর সর্দ্দারপাড়ার আব্দুল আহাদ (২৪), রংপুরের বদরগঞ্জের মহুয়াগাছা গ্রামের বাবুল পরাণ (৫৫), নীলফামারী কিশোরগঞ্জ নয়ান খালের আতিকুল ইসলাম (১৪), মোকাব্বির (১০), পঞ্চগড় হারো ভাষা গ্রামের মিজানুর রহমান (২৬), গাইবান্ধা সুন্দরগঞ্জের রমু বেগমসহ (২৫) অজ্ঞাত আরও ৭ জন।
আরও পড়ুন: রংপুরে চার মণ গাঁজাসহ আটক ৪
দুর্ঘটনা কবলিতদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা সহযোগিতা করেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জিন্নাত আলী জানান, নিহতের নাম জানা যায়নি। আহতদের তারাগঞ্জ ও রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/অনি
