ফুলবাড়ীতে ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেফতার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফেনসিডিলসহ জাহাঙ্গীর (৩৭) নামের এক পুলিশ কনেস্টেবলকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জাহাঙ্গীর কুড়িগ্রাম জেলার নামাজের চর পুলিশ ফাঁড়িতে কর্মরত ও তার বিপি নম্বর-৬৮৬। তার বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তরিয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।

বিজিবি ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে ওই কনেস্টবলকে ৬ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেন। পরে বিজিবি বিকালে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে।

আরও পড়ুন: রাস্তায় মলত্যাগ করায় ভারতে পিটিয়ে ২ শিশু হত্যা

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

ইত্তেফাক/নূহু