ব্যাংকের নামে ফেসবুকে অপপ্রচার, সাবেক ছাত্রলীগ নেতা আবারও গ্রেফতার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫০

ভোলায় দুইটি ব্যাংক সম্পর্কে ফেসবুকে মিথ্যাচার ও মাদক বহনের অভিযোগে জেলা ছাত্রলীগের আলোচিত সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটারি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিজিটাল  নিরাপত্তা আইনে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভোলা শাখার ম্যানেজার আমিরুল ইসলাম তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের মুসলিম পাড়া এলাকা থেকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ টিম তাকে গ্রেফতার করে। অভিযানের নেতৃত্ব দেন ভোলা থানা ও ডিবির অফিসার ইনচার্জ এনায়েত হোসেন ও সহিদুল ইসলাম।

শুক্রবার দুপুরে তাকে আদালতে নেওয়া হলে আদালত জামিন বাতিল করে জেল হাজতে পাঠান। অপরদিকে শুক্রবার তার বিরুদ্ধে ২৫ পিচ ইয়াবা বহনের অভিযোগে মাদক আইনেও মামলা দিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগে আরও ৮টি মামলা রয়েছে। ইয়াবা বিক্রির অভিযোগে তিনি প্রায় ৪ মাস জেলে ছিলেন। 

ডিবির ওসি শহীদুল জানান, মোস্তাক শাহীন তার ফেসবুক পেজে প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে হুমকি দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন: মহিলা যুবলীগ নেত্রীর সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, থানায় সোপর্দ

ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভোলা শাখার ম্যানেজার আমিরুল ইসলাম জানান, ২৫ সেপ্টেম্বর রাতে মোবাইল ফোনে মোস্তাক শাহীন তাকে হুমকি দেন। একই সঙ্গে তার ফেসবুক পেজে মার্কেন্টাইল ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক সম্পর্কে মিথ্যা তথ্য পোস্ট করেন। এতে ব্যাংকের সুনাম নষ্ট হয়েছে।ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিথ্যাচার তথ্য দেখে ফেসবুকে পোস্ট প্রদানকারীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। 

মার্কেন্টাইল ব্যাংকের ভোলা শাখার ম্যানেজার মাছুম ইকবাল জানান, যে তথ্য মোস্তাক শাহীন দিয়েছেন তা সঠিক নয়। এতে তার ব্যাংকেরও সুনাম নষ্ট হয়েছে।  

এদিকে মোস্তাক শাহীনের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।

ইত্তেফাক/অনি