রাজশাহী মহানগরীর চারঘুটার মোড়ের ইউসেপ মোমেনা বখশ স্কুলের শিক্ষার্থী ইমন হোসেন (১৪) সহপাঠীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সহপাঠীর ছুরিকাঘাতে গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় চারজন শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। নগরীর কাশিয়াডঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ইমন হোসেন চারখুটার মোড়ের ইউসেপ মোমেনা বখশ স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও কাশিয়াডাঙ্গা আদুবুড়ি পাড়ার আব্দুস সালামের বড় ছেলে ছিলেন।
ওসি বলেন, দুপুরে টিফিনের খাওয়া নিয়ে তার সহপাঠী হৃদয়ের সঙ্গে ইমনের কথা কাটাকাটি হয়। এ সময় হৃদয় তার কাছে থাকা চাকু দিয়ে ইমনের পেটে আঘাত করে। পরে শিক্ষকরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।
আরও পড়ুন: বেতাগীতে সন্ত্রাসীর ভয়ে নিরাপত্তাহীনতায় দম্পতি
ওসি মনসুর আলী বলেন, শিক্ষকরা বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে অভিযান চালিয়ে চারজন শিক্ষার্থীকে আটক করে থানার হেফাজতে নেওয়া হয়। আটকরা সবাই ওই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আরিফ। তবে শুক্রবার বিকেল পর্যন্ত আটকদের নাম প্রকাশ করেনি পুলিশ।
ইত্তেফাক/নূহু
