উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্বশীল হতে হবে: রেলমন্ত্রী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন যে কোন উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। বর্তমান সরকার জনগণের ভাগ্য-উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন,‘উন্নয়নের ছোঁয়া গ্রামে-গঞ্জে পৌঁছে দিতে আমরা কাজ করছি।’  শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল কালিগঞ্জ স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, 'শহরের সুযোগ-সুবিধা গ্রামেও পৌঁছে যাবে। এর জন্য গ্রামের রাস্তা-ঘাট-ব্রিজ ব্যাপক পাকাকরণ করা হচ্ছে, অবকাঠামো নির্মিত হচ্ছে, বাড়ছে বিদ্যুৎ সুবিধাও। ২০২০ সালের ৩১ মার্চের মধ্যে দেবীগঞ্জে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'

তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়ে তিনি বলেন, 'তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তির জ্ঞান চর্চায় মনোযোগী করে গড়ে তুলতে হবে। দেবীগঞ্জের অবশিষ্ট রাস্তাগুলো খুব দ্রুততম সময়ে পাকা করা হবে। সরকার গরীবদের মাঝে বিনামূল্যে পাকা ঘর তৈরি করে দিচ্ছে। আগামীতে টিআর, কাবিখা প্রকল্পের পরিবর্তে ব্যাপকহারে পাকা ঘর প্রত্যেক গরীবদের তৈরি করে দেওয়া হবে। আপনারা শেখ হাসিনার সাথে থাকবেন, শেখ হাসিনা আপনাদেরকে উন্নয়ন দেবে।'

আরও পড়ুন:  রাজশাহীতে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

এর আগে রেলমন্ত্রী ফুলবাড়ী-পাঁচপীর- ঝাড়বাড়ী জিসি রাস্তার ২৬ কিলোমিটার রাস্তা উন্নয়ন ও সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে এ ওই জনসভায় স্থানীয় উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক নুরজ্জামান ও হাসনাৎ জামান চৌধুরী জর্জ বক্তৃতা করেন।

উল্লেখ্য, ৩০ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ ফুলবাড়ী-পাঁচপীর-ঝাড়বাড়ী জিসি রাস্তার ২৬ কিলোমিটার রাস্তা উন্নয়ন ও সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করবে।

ইত্তেফাক/জেডএইচডি