জঙ্গি অভিযানে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর বনানীতে নরডিক হোটেলে কমান্ডো মহড়া পরিচালনা করেছে র্যাব। মহড়ায় র্যাবের স্নাইপার ও কমান্ডো টিমসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে জঙ্গিবিরোধী মহড়াটি শুরু হয়।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (জন নিরাপত্তা বিভাগ) মোস্তাফা কামাল উদ্দীন, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও র্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহড়ার শুরুতে একটি হলুদ রংয়ের ট্যাক্সিক্যাবে করে একজন নারী জঙ্গিসহ চারজন জঙ্গি নরডিক হোটেলে ঢোকেন। তার আগে থেকেই হোটেলটিতে জঙ্গিদের আরও কয়েকজন সহযোগী অবস্থান করছিলেন। জঙ্গিদের আমিরকে র্যাবের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য হোটেলের সবাইকে জিম্মি করে জঙ্গিরা। তারা দাবি জানায়, আমিরকে ছেড়ে না দিলে হোটেলের দেশি-বিদেশিদের মেরে ফেলা হবে। জিম্মিদের একজনের আত্মীয় র্যাবের কন্ট্রোলরুমে ফোন দিয়ে বিস্তারিত জানায়। খবর পেয়ে হোটেলটিতে অভিযানে নামেন র্যাব সদস্যরা।
প্রতীকী এ অভিযানের প্রথমে র্যাবের স্নাইপার টিম মূলরাস্তা দিয়ে গিয়ে পজিশন নেয়। এ সময় হোটেলের সামনে কয়েকটি গ্যাস বোমা নিক্ষেপ করা হয়। জঙ্গিদের বিভ্রান্ত করতে তিন দিক থেকে একইসঙ্গে অভিযান পরিচালনা করা হয়। অন্যদিকে হেলিকপ্টারে করে ওই হোটেলের পাশের ভবনে নামেন র্যাবের কমান্ডো দলের সদস্যরা। জঙ্গিরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখানে প্রবেশ করে কমান্ডো ও স্নাইপার টিম। ২০ মিনিটের অভিযান শেষে জঙ্গিদের সবাই নিহত হন এবং হোটেলের সবাইকে জীবিত উদ্ধার করা হয়।
আরো পড়ুন : পেঁয়াজের উচ্চমূল্যের সঙ্গে এবার যোগ হলো ডিম
অন্যদিকে মহড়া শেষে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘এই দেশকে দুর্বৃত্তদের দেশে পরিণত হতে দেব না। যখন যেখানেই রাষ্ট্রবরোধী, শৃঙ্খলাবিরোধী যেকোনো ধরনের অপতৎপরতা চলবে, সেখানে পুলিশ ও র্যাব একযোগে কাজ করবে।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, যেকোনো ধরনের জঙ্গিবাদ মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব। জঙ্গিদের সবধরনের হামলা গুড়িয়ে দেওয়ার জন্যও তারা প্রস্তুত।
ইত্তেফাক/ইউবি
