কোহলির চাপ কমাতে বললেন যুবরাজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৫

সাবেক ক্রিকেটার যুবরাজ সিং মনে করেন, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ওপর থেকে চাপ কমানো এখন সময়ের দাবি। তাই তার পরামর্শ হলো যে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্বটা এবার এখন রোহিত শর্মাকে দেওয়ার সময় চলে এসেছে।

রোহিত শর্মা এখন সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সহ-অধিনায়ক। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে তিনি সবচেয়ে সফল অধিনায়ক। মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা জিতিয়েছেন চারবার। তাই ভারতকে ২০১১ সালের বিশ্বকাপ জেতানো যুবরাজ সিং মনে করেন বিরাট কোহলিকে সরিয়ে এখন রোহিতকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া উচিত।

তিনি একটা খবরের চ্যানেলকে বলেন, ‘আগে ক্রিকেটে কেবল দুটো ফরম্যাট ছিল। ওয়ানডে আর টি-টোয়েন্টি। ফলে, তখন একজন অধিনায়ক রাখাটাই চল ছিল। সেটাই আদর্শ ব্যবস্থা ছিল। কিন্তু এখন ফরম্যাট তিনটা। আমি মনে করি, বিরাট কোহলির ওপর এখন অনেক চাপ। এই সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য কাউকে আনা দরকার। হতে পারে সেটা রোহিত শর্মা। ও অধিনায়ক হিসেবে বেশ সফল। এটা আসলে টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আগে তাদের বুঝতে হবে বিরাট কতটুকু চাপ নিতে পারবে। এটা আসলে ভবিষ্যতের ভাবনা পারার ওপরই নির্ভার করে। তার ওপর বিরাট হলো দলের সেরা ব্যাটসম্যান। ওকে চাপমুক্ত রাখা দরকার।’

বিশ্বকাপের সময় থেকে সীমিত ওভারের ভারতের ব্যাটিং লাইনআপে চার নম্বর পজিশনটা নিয়ে চলছে মিউজিক্যাল চেয়ার। আর এখন অবধি কেউই এই জায়গাটায় থিতু হতে পারেননি।

যুবরাজ সিং বলেন, ‘আপনার আগে বুঝতে হবে, আপনার দলের সেরা প্রতিভা কার আছে। তাকে সমর্থন দিতে হবে। বিশ্বকাপে চার নম্বরে যাদের সুযোগ দেওয়া হয়েছে, তাদের সর্বোচ্চ স্কোর ছিল ৪৮। দলের অধিনায়ক, কোচ ও নির্বাচকদের বুঝতে হবে যে চার নম্ব্বর পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর খেলাটা যখন ইংল্যান্ডের মতো সিমিং কন্ডিশনে হচ্ছে, তখন সেটা নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই।’

টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করে যুবরাজ সিং বলেন, ‘চার নম্বরে যিনিই খেলুন না কেন, তাকে টেকনিক্যালি খুব শক্তিশালী হতে হয়। বিজয় শঙ্করের ঐ অভিজ্ঞতা ছিল না, ঋষভ পান্তেরও না। দিনেশ কার্তিক খুবই অভিজ্ঞ, কিন্তু বাইরে বসে থেকে হুট করে সেমিফাইনালে গিয়ে খেলতে নামল। আমি বুঝতে পারি না যে থিংক-ট্যাংক আসলে কী করছে। খেলোায়াড়দের সেরাটা বের করে আনতে হলে তাদের জায়গাটার সুরক্ষা আগে দিতে হবে, যাতে করে তারা নির্ভার হয়ে খেলতে পারে। জায়গা হারানোর ভয় নিয়ে কখনোই ভালো খেলা যায় না। এবার যে ভারত বিশ্বকাপ জিততে পারল না, তার মূল কারণই হলো এই জায়গা হারানোর ভয়।’

ইত্তেফাক/এসআর