বাগেরহাটের মোংলায় প্রায় তিন বছর আগের ডাকাতির ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আটকদের কাছ থেকে লুটে নেওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের নেতৃত্বে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বালিজোড়া এলাকা থেকে শুক্রবার মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে স্পিরিট পানে ৫ জনের মৃত্যু, গ্রেফতার ১
আটকরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামের দিলাল মিয়ার ছেলে রুহুল আমিন (২৯) এবং একই উপজেলার বালিজোড়া গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে আব্দুল মান্নান (৬৫)।
পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদ বলেন, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে জেলার মোংলা উপজেলার পশ্চিম শেওলা বুনিয়া গ্রামের জিয়া সড়ক এলাকার একে এম শওকত আলীর বাড়িতে মুখোশধারী ৪জন লোক ঢুকে দুটি মোবাইল সেট, স্বর্ণালংকারসহ মোট ২ লক্ষ ৭৪ হাজার টাকার মালামাল লুট করে নেয়। পরে বাড়ির মালিক বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা করেন। প্রায় ৪ বছরেও থানা পুলিশ ওই ডাকাতি মামলার ক্লু উদ্ধার করতে না পাড়ায় মামলাটির ফাইনাল রিপোর্ট দেয়। মামলার বাদীর না রাজির পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১ তারিখ বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিবিআইকে মামলার তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে মোবাইলের আইএমইআই নাম্বারের মাধ্যমে লুট হওয়া মোবাইলে কোন সিম ব্যবহার হচ্ছে সেটা খুঁজে বের করা হয়। পরবর্তীতে মোবাইল ব্যবহারের অভিযোগে আব্দুল মান্নান(৬৫) এবং মোবাইল বিক্রির অভিযোগে রুহুল আমিনকে আটক করা হয়। এদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার জেলহাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/এমআরএম
