অতিরিক্ত আয় করতে বেপরোয়া বাস চালাচ্ছিলেন সেই চালক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২২

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় ফারহা নাজের মৃত্যুর ঘটনায় ২৩ দিন পর চালক শামীম ছৈয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

কাফরুলের কচুক্ষেতে বসবাসরত শামীমের বাড়ি শরিয়তপুরের শখিপুরে। ডিবি বলছে, ৪ হাজার টাকার বেশি আয় করতে বেপরোয়া বাস চালিয়ে ফারহানাজকে হত্যা করে শামীম। ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস নামের ওই বাসটি ঢাকা থেকে ভৈরব রুটে চলার কথা থাকলেও প্রতিদিন ৫০০ টাকা ঘুষ দিয়ে মিরপুর-১৪ থেকে বনানী রুটে চলাচল করতো।

 

গ্রেফতারকৃত চালক শামীম ছৈয়ালকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মশিউর রহমান জানান, গত ৫ সেপ্টেম্বর সকালে বনানীর আমতলীর ফুটপাতে ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস বাসের চাপায় ফারহা নাজের মৃত্যু হয়। এ ঘটনায় ফারহা নাজের স্বামী নাজমুল হাসান বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। ফারহা নাজ বনানীর মহাখালীতে অবস্থিত রাইসকো নামে একটি বীজ বিক্রয় ও বিপন্ন প্রতিষ্ঠানের প্রশাসনিক (বিক্রয়) কর্মকর্তা ছিলেন। তার তাহরিন হাসান ইশরা নামে দেড় বছর বয়সী এক সন্তান রয়েছে। স্বামী-সন্তানকে নিয়ে তিনি মিরপুরের মণিপুর এলাকায় থাকতেন। দুর্ঘটনার পর শামীম তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। সব আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে।

আরো পড়ুন : শেখ হাসিনার কোনো বিত্ত বৈভবের মোহ নেই: অর্থমন্ত্রী

বাসটি চালানোর জন্য ঢাকা-ভৈরব রুটের অনুমোদন ছিল। কিন্তু বাসটির মালিক ঢাকা ক্যান্টমেন্ট মিনি সার্ভিস ব্যানারে মিরপুর-১৪ থেকে বনানী-কাকলি রুটের পরিচালনা কমিটিকে প্রতিদিন ৫০০ টাকা ঘুষ দিয়ে বাসটি চালাতেন। প্রতিদিন ৪ হাজার টাকা আয় হলে ৭০০ টাকা পেতেন শামীম। এর বেশি আয় করলে তিনি হাজারে ১০০ টাকা পেতেন। শামীমের চিন্তা ছিল আগে যেতে হবে, বেশি যাত্রী নিতে হবে, ৪ হাজার টাকার বেশি আয় করতে হবে। আর এই বেশি আয়ের চিন্তা থেকে অতিরিক্ত যাত্রী নিতে গিয়ে বেপরোয়া বাস চালিয়ে ফুটপাতে উঠিয়ে দিয়ে ফরহা নাজকে হত্যা করেন শামীম।

 

 

ইত্তেফাক/ইউবি