দুর্নীতি সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে : মওদুদ আহমদ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। সেই দুর্নীতি সামাল দেয়ার শক্তি সরকার হারিয়ে ফেলেছে। যতভাবেই বলুক না কেন তারা অভিযান চালাবে কিন্তু অভিযান সফল হবে না। অভিযান সফল করতে হলে ছাত্রলীগের শোভন-রাব্বানী আর যুবলীগের শামীম-সম্রাটদের পেছনে যে মন্ত্রী-এমপিরা আছে তাদেরকে শনাক্ত করতে হবে। এই দুর্নীতি নিবারণ করা সম্ভব হবে না। সরকার দুর্নীতিতে ডুবে আছে।

 

তিনি বলেন, এই সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। সেটা যদি তারা না করে, তবে এই দুর্নীতির ভারে সরকারের পতন অবধারিত।

 

শনিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, শফিউল বারী বাবু প্রমুখ।

আরো পড়ুন : মাদারীপুরে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমরা সব মন্ত্রী-এমপির সম্পদের হিসাব দেখতে চাই। সেই হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। মন্ত্রী এমপি হওয়ার আগে তাদের কত সম্পদ ছিল আর এখন কত সম্পদ আছে, তা আমাদের দেখা দরকার। কারণ, দেশের মানুষ এই সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।

 

তিনি বলেন, খালেদা জিয়া এক বছর ৭ মাস ধরে জেলে আছেন। তিনি জেলে আছেন কারণ বিরোধীদলীয় নেত্রী। দুই কোটি টাকার একটা মিথ্যা বানোয়াট মামলায় তাকে কারাবন্দি করে রাখা হয়েছে। তার জামিন হওয়ার কথা ছিল ৭ দিনের মধ্যে। কিন্তু জামিন হয়নি এবং সেটা সরকারের প্রভাবের কারণে। তার মুক্তির জন্য এখন আন্দোলন দরকার। আন্দোলন করেই তাকে মুক্ত করতে হবে।আন্দোলন ছঅড়া বিকল্প নেই।

 

 

ইত্তেফাক/ইউবি