সড়ক দুর্ঘটনায় দৌলতখানা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নিহত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:২১

ভোলায় সড়ক দুর্ঘটনায় দৌলতখান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন কান্টু মাস্টার নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভোলা-চরফ্যাশন সড়কের কমরউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মোশারেফ হোসেন কান্টু সকালের দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন এলাকার হাওলাদার বাড়ির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন: রশিদদের কোচ হলেন প্রোটিয়া অলরাউন্ডার ক্লুজনার

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, শনিবার বাদ আসর দৌলতখানের খায়েরহাট রাস্তার মাথায় মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইত্তেফাক/বিএএফ