লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৫

লক্ষ্মীপুরে ইউপি সদস্য খোরশেদ আলম মিলনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আলাদাদপুর মসজিদের দক্ষিণ পাশে লিটনের মুদি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত মিলন দত্তপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে মিলন স্থানীয় দোকানে চা খেতে খেতে এলাকাবাসীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলে মুখোশধারী দুর্বৃত্তরা এসে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান মিলন।

আরো পড়ুন: দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি আওয়ামী লীগ নেতাদের

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি, তবে সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ