চোটের কারণে ছিটকে গেছেন লিওনেল মেসি। মাঠে ছিলেন না আনসু ফাতি ও উসমান দেম্বেলে। জয়ের দেখা পেতে গেটাফের বিপক্ষে বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসির না থাকাটা ছিল বড় ধাক্কা। তারপরেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসটা যেন ফিরিয়ে আনলো বার্সা।
লা লিগায় শনিবার প্রতিপক্ষের মাঠে লুইস সুয়ারেজ ও জুনিয়র ফিরপোর গোলে গেটাফকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সা।
খেলার ৪১ মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন সুয়ারেজ। আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে গেটাফের জালে বল পাঠান তিনি। এই গোল ছাড়া প্রথমার্ধে আর কোন গোলের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধে এসে শুরুতেই ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ৪৯তম মিনিটে কার্লেস পেরেসের শট রুখে দেন গেটাফের গোলরক্ষক। তবে বলটি নিজের আয়ত্তে রাখতে পারেননি তিনি। এই সুযোগে গোল করে বসেন জুনিয়র ফিরপো। এরপর থেকে প্রতিপক্ষ গেটাফ কোনো গোল পরিশোধ করতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
ইত্তেফাক/জেডএইচ
