গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গুলি করে স্থানীয় জাপান ট্যোবাকোর পরিবেশকের ১৬ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
রবিবার বেলা পৌনে ১১টার দিকে চান্দনা চৌরাস্তার সিয়াম ফিলিং স্টেশনের কাছে ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের মারধরে পরিবেশক নূরুল হক রতন ও কর্মচারী সোহেল আহত হন।
আরও পড়ুন: অন্যায়কারীকে আইনের মুখোমুখি হতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নূরুল হক রতন জানান, তিনি ছয় কর্মচারী নিয়ে চান্দনা চৌরাস্তার অফিস থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা নিয়ে ঢাকা সড়কের মাছ বাজারের পাশের পূবালী ব্যাংকে টাকা জমা দেয়ার উদ্দেশ্যে হেঁটে রওয়ানা দেন। অফিস থেকে কিছুদূর যাওয়ার পর সকাল পৌনে ১১টার দিকে পিছন থেকে ৬-৭জন দুর্বৃত্ত লাঠিসোটা ও রড নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তিনি ও কর্মচারী সোহেল আহত হন। এক পর্যায়ে ছিনতাইকারীরা চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে জয়দেবপুর শহরের দিকে চলে যায়।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, এক রাউন্ড গুলি করে ছিনতাইকারীরা টাকা গুলো ছিনতাই করে নিয়ে গেছে বলে শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ অভিযোগ করেনি।
ইত্তেফাক/এমআরএম
