জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গিয়েছে। এরপর তাকে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার বিশেষ ক্ষমতাবলে এ নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।
তিনি বলেন, 'যৌন নিপীড়ন বিরোধী সেল তদন্তের কাজ শুরু করেছে। আজ তাদের প্রথম সভা ছিলো। তদন্ত চলাকালে সানওয়ার সিরাজকে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সুপারিশ করেছে তদন্ত কমিটি। সুপাারিশের প্রেক্ষিতে উপাচার্য তা অনুমোদন করেন।'
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক রাশেদা আখতার বলেন, 'তদন্ত চলাকালীন সময়ে আমি কোন মন্তব্য করতে চাচ্ছি না।'
আরও পড়ুন: আশুলিয়া ক্রাইম জোনে পরিণত
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম ব্যাচের এক ছাত্রী বিভাগের সভাপতি বরাবর সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। যৌন হয়রানির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন বলে জানা যায়।
ইত্তেফাক/নূহু
