আগৈলঝাড়ায় সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি এক সপ্তাহেও

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৫

আগৈলঝাড়ায় সন্তানসহ গৃহবধূ তৃপ্তি নিখোঁজের এক সপ্তাহ পার হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান দিতে পারেনি পুলিশ। তৃপ্তি উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের বাক প্রতিবন্ধী সুনয়ন ঢালীর স্ত্রী।

থানায় দায়ের করা ডায়েরি সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী তৃপ্তি গত ২৪ সেপ্টেম্বর ১১ মাসের মেয়ে রীতাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তৃপ্তিকে খুঁজেছেন। অবশেষে গত ২৮ সেপ্টেম্বর তৃপ্তির ভাসুর সুরঞ্জন ঢালী আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরি করেন। যার নং- ১০০৭।

বাক প্রতিবন্ধী সুনয়ন ঢালীর বড় ভাই সুরঞ্জন ঢালী বলেন, 'মানসিক প্রতিবন্ধি তৃপ্তি আমার ছোট ভাইয়ের স্ত্রী। আগেও কয়েকবার বাড়ি থেকে চলে গিয়েছিলো। আমরা খোঁজ করে নিয়ে এসেছিলাম। এবার খোঁজ করে না পেয়ে থানায় ডায়েরি করেছি।'

আরও পড়ুন: শরণখোলার ৯ জেলে বজ্রাঘাতে আহত

আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, মানসিক প্রতিবন্ধী তৃপ্তি নিখোঁজ ঘটনায় ডায়েরির সূত্র ধরে পুলিশ কার্যক্রম শুরু করেছে।

ইত্তেফাক/নূহু