যৌতুকের দাবিতে রেহেনা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের স্বামীসহ তিনজন গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। রেহেনা খাতুনের বাবার দাবি, এটি একটি হত্যাকাণ্ড। যৌতুকের দাবিতে রেহেনার স্বামী তাকে খুন করেছে।
নিহত রেহেনা গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া আলিপুর গ্রামের ভ্যানচালক আবু বকরের স্ত্রী ও তিন সন্তানের জননী।
জানা গেছে, ২৯ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেহেনা। তার গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই স্বামী আবু বকর, ভাসুর ইউসুব আলী ও দেবর মো. আল আমিনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন কালিহাতী থানা পুলিশ।
আরো পড়ুন: তেল বাজার নিয়ে সৌদি যুবরাজের হুঁশিয়ারি
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, খবর পেয়ে সন্ধ্যায় লাশ গ্রামের বাড়ি থেকে থানায় নিয়ে আসে পুলিশ। স্বামী-স্ত্রীর পারিবারিক কহলের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। ৩০ সেপ্টেম্বর (সোমবার) ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
