কষ্টার্জিত জয়ে শীর্ষ চারে রিয়াল

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০৫:৪২

গ্যারেথ বেলের একমাত্র গোলে এসডি হুয়েস্কার বিপক্ষ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর ফলে শীর্ষ চারে ফিরে এসেছে কোচ সান্তিয়াগো সোলারির দল। তবে এই জয়কে দলের চারিত্রিক দৃঢ়তার জয় হিসেবেই দেখছেন রিয়াল কোচ।

হুয়েস্কার মাঠে সোমবার রাতের খেলায় দারুণ ছন্দে ছিলেন রিয়াল ফরোয়ার্ড গ্যারেথ বেল। তার দারুণ ভলিতে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি স্বাগতিকরা। মাঝমাঠের দখল নিয়ে দারুণ সব আক্রমণ শানাচ্ছিল তারা। তবে রিয়াল গোলরক্ষক থিবো কোরতোয়ার বীরত্বে গোলের দেখা পায়নি তারা। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সোলারির দল। পয়েন্ট তালিকার চারে থাকা দেপোর্তিভো আলাভেস আগের দিন অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারায় রিয়ালের সুযোগ ছিলো এই রাউন্ডে জয় নিয়ে শীর্ষ চারে চলে আসার। হুয়েস্কাকে হারিয়ে তা লুফে নিতে ভুল করেনি তারা। তবে ঝড়ো বাতাস বারেবারেই বাগড়া দিচ্ছিল ম্যাচটিতে। রিয়াল কোচের অভিমত: এর কারণে দুই দলই তাদের সেরাটা দিতে পারেনি ম্যাচটিতে। সোলারি বলেন, ‘দুই দলের জন্য অবস্থাটা একই দাঁড়িয়েছিল। ঝড়ো বাতাস খেলাটিকে বিচ্ছিরি বানিয়ে দিয়েছিল এবং পাস দেয়া, খেলার দখল নেয়া কঠিন হয়ে পড়েছিল।’ প্রতিকূল পরিস্থিতিতেও জয় তুলে নেয়ায় দলের চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করলেন রিয়াল কোচ। তিনি বলেন, ‘আমি আমাদের চারিত্রিক দৃঢ়তাকেই বড় করে দেখতে চাই। কারণ এইসব ম্যাচই আপনাকে শিক্ষা দেয় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও জয় তুলে নিতে হয়।’ তবে শুধু প্রকৃতিই নয়, প্রতিপক্ষ হুয়েস্কাও চাপ সৃষ্টি করেছিল বলে জানান সোলারি। রিয়ালের আর্জেন্টাইন কোচের ভাষায়: ‘সেটাই (বিরুদ্ধ আবহাওয়া) শুধু একমাত্র কারণ ছিল না। হুয়েস্কাও আমাদের ভুগিয়েছিল। আমরা ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু গোল করতে পারিনি। কারণ অন্য দলটি আমাদের উপর বেশ চাপ সৃষ্টি করেছিল।’

সোলারি আরও বলেন, ‘এই ম্যাচের মতো এমন সব ম্যাচ আসবে যেখানে চারিত্রিক দৃঢ়তার পরীক্ষা দিয়েই জয় তুলে নিতে হবে। এই ম্যাচটিতে দল চারিত্রিক দৃঢ়তার পরীক্ষা দিয়েছে। মাঠে তারা তাদের সামর্থ্যের সেরাটা বেশ তীব্রতার সাথে ঢেলে দিয়েছিল। যখনই গোল করার প্রয়োজন ছিল আমরা গোল করেছি, রক্ষণে আমরা ভালো করেছি এবং নিশ্ছিদ্র ছিলাম আমরা।’

ইত্তেফাক/আরকেজি