ইন্টার মিলানের ম্যাচ সামনে রেখে অনুশীলনে মেসি-দেম্বেলে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৯

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি ও উইংগার ওসমান দেম্বেলে। চোট কাটিয়ে ফেরা দলের দুই তারকা ফুটবলারই পুরো সেশন অনুশীলন করেছেন। এতে করে মেসির ফেরার সম্ভাবনা দেখা হচ্ছে, যদিও দলটির কোচ আর্নেস্তো ভালভার্দে আগেই বলেছেন, দলের এই মহাতারকাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেয়া হবে না।

গত মঙ্গলবার স্প্যানিশ লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে কুঁচকিতে চোট পান মেসি। পরে শনিবার মেসিকে ছাড়াই গেতাফের মাঠে ২-০ গোলের পায় বার্সেলোনা।

বুধবার বাংলাদেশ সময় রাত একটায় ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ইন্টার মিলানকে আতিথ্য দেবে বার্সেলোনা। ইতালিয়ান লিগ সিরি-এ তে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ইতোমধ্যেই শক্ত প্রতিপক্ষ হিসেবে জানান দিচ্ছে ইন্টার মিলান। চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ডর্টমুন্ডের মাঠ থেকে গোল শূন্য ড্র করে ফিরেছে লা লিগা চ্যাম্পিয়নরা।

ইত্তেফাক/এএম