টটেনহ্যামের বায়ার্ন পরীক্ষা

জয়ে ফিরতে মরিয়া রিয়াল

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৩:৩২

গেল মৌসুমের দুর্দান্তপনা এবার এখনো দেখাতে পারেনি টটেনহ্যাম হটস্পার। এক সপ্তাহ আগে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে অলিম্পিয়াকোসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল গতবারের রানার্সআপরা। এরই মধ্যে আজ মঙ্গলবার রাতে দারুণ ছন্দে থাকা জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ইংলিশ ক্লাবটি।

রিয়াদ মাদ্রিদ তো শুরুই করে পিএসজির বিপক্ষে হার দিয়ে। স্প্যানিশ ক্লাবটি তাই আজ রাতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে নিজ মাঠে ক্লাব ব্রুজের মোকাবিলায়। দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাস নিজেদের মাঠে যথাক্রমে ডায়নামো জাগরেব ও বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হবে। অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে।

টটেনহ্যাম গেলবার শিরোপা না জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের খুব কাছে থেকে ফিরে এসেছিলেন হ্যারি কেইনরা। প্রিমিয়ার লিগে শীর্ষ চার নিশ্চিত করা দলটি চলতি মৌসুমের শুরুতেই কিছুটা কোণঠাসা। লিগের প্রথম সাত ম্যাচ থেকে জিততে পেরেছে মোটে তিনটি ম্যাচ। দুই ড্রয়ের বিপরীতে হারও দুটি।

সাউদাম্পটনের বিপক্ষে লড়াকু এক জয়ে অবশ্য টটেনহ্যামের আবহটাই পালটে গেছে। স্ট্রাইকার হ্যারি কেইন তো, প্রায় এক ঘন্টা ১০ জনের দল নিয়ে লড়ে পাওয়া জয়টাকে অনেক বড়ো মনে করেন। তার মতে এমন জয় দলের ছন্দ ফিরে পেতে দারুণ সহায়তা করবে।

সেই জয়টির পর প্রথম পরীক্ষা হিসেবে বায়ার্নকে সামনে পেয়েছে কোচ মরিচিও পচেত্তিনোর শিষ্যরা। চলতি মৌসুমের শুরুর ছয় ম্যাচের চারটিতে জয় পেয়েছে বায়ার্ন, হারেনি একটিতেও। জয়ের ধারা ধরে রাখতে তাই বড়ো পরীক্ষাই অপেক্ষা করছে স্পার্সদের সামনে।

কোচ জিনেদিন জিদানের দলের চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা হয়েছিল নেইমার-কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানিহীন পিএসজির কাছে ৩-০ গোলে হেরে। তারপর অবশ্য প্রশংসনীয় পরিবর্তন আসে রিয়ালের নৈপুণ্যে। টানা তিন ম্যাচে কোনো গোল হজম করেনি রিয়াল। রক্ষণভাগের এমন নৈপুণ্য কোচ জিদানকেও কিছুটা চাপমুক্ত করেছে।

জিদানের শিষ্যদের এবারের লক্ষ্য ক্লাব ব্রুজের বিপক্ষে জিতে সেই ছন্দ চ্যাম্পিয়ন্স লিগেও টেনে আনা। সে লক্ষ্যে মাদ্রিদ ডার্বির একদিন পরেই অনুশীলনে নেমে পড়েছেন সার্জিও রামোস, ক্যাসেমিরোরা। চোট সমস্যাও ধীরে ধীরে কেটে উঠতে শুরু করেছে। মৌসুমের শুরুতে ক্রমবর্ধমান চোটের ফর্দটা কমতে কমতে তিনে এসে ঠেকেছে। চোট কাটিয়ে উঠতে একা একা অনুশীলন করেছেন মার্সেলো, মার্কো অ্যাসেনসিও ও ফেরলান মেন্ডি।

চ্যাম্পিয়ন্স লিগে আজকের খেলা

রিয়াল মাদ্রিদ - ক্লাব ব্রুজ

আটলান্টা - শাখতার দোনেত্স্ক

গ্যালাতাসারায় - পিএসজি

টটেনহ্যাম - বায়ার্ন মিউনিখ

রেড স্টার বেলগ্রেড - অলিম্পিয়াকোস

ম্যানচেস্টার সিটি - ডায়নামো জাগরেব

জুভেন্তাস - বেয়ার লেভারকুসেন

লোকোমোটিভ মস্কো - অ্যাটলেটিকো মাদ্রিদ

ইত্তেফাক/এএম