গাজীপুরে সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা আব্দুর রউফ (৬০) খুন হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী মাজেদা বেগম (৫৫)। সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ দক্ষিণ সালনা এলাকার মৃত আজগর ওরফে আগর আলীর ছেলে।
গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাত আড়াইটার দিকে মুখে গামছা বাঁধা ১০/১২ জনের একটি ডাকাত দল আব্দুর রউফের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে তারা ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ি লোকজনদের হাত-পা বাঁধে এবং লুট করতে থাকে।
এসময় রউফ বাধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপায়। স্বামীকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রউফের স্ত্রী মাজেদা বেগম আহত হন। এ সময় ডাকাতরা ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রউফকে মৃত ঘোষণা করেন। মাজেদাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর সদর থানার ওসি মো: এজাজ শফি জানান, প্রাথকিভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
