ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। খেলার তৃতীয় ওভারেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন ওপেনার লিটন দাস। পরের ওভারেই ইমরুল কায়েস আউট হয়ে ফিরে গেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৩৫ রান।
মঙ্গলবার দুপুরে হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। তৃতীয় ওভারের প্রথম বলেই একটা আঘাত আসে। পেসার ওশান টমাসের একটি ইয়র্কার ফ্লিক করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি লিটন। বল তার ডান পায়ের গোড়ালির উপরে লাগে। এরপর কোনোভাবে এক রান নিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তে শুয়ে পড়েন তিনি।
ফিজিও মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিলেও সোজা হয়ে দাঁড়াতে পারেননি লিটন। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৫ রানের মাথায়ই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।
আরো পড়ুন: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
এরপর ওয়ানডাউনে মাঠে নামেন ইমরুল কায়েস। তিনি শূন্য রানেই মাঠ ছাড়েন। ছয় বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি। পরে তামিমের সঙ্গে জুটি বাঁধেন মুশফিকুর রহিম।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ পাঁচ উইকেটে জয় পেয়েছে। তাই এই ম্যাচ জিততে পারলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
ইত্তেফাক/কেআই
