জামালপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। আটক রুবেল (২২) মিয়ানমারের রাখাইন প্রদেশের মন্ডু এলাকার আব্দুর রহমানের ছেলে।
রুবেল জানিয়েছে, মা-বাবাসহ পরিবারের সবাইকে মিয়ানমারেই হত্যা করেছে সেনারা। সে অন্য রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশে আসে। প্রায় এক মাস আগে টেকনাফের মৌসুরি রোহিঙ্গা ক্যাম্প থেকে রুবেলসহ ৩ জন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে মেইল ট্রেনে ওঠে তারা। রুবেল ছাড়া বাকি দুজন বিভিন্ন স্টেশনে নেমে যায়। রুবেল একাই ট্রেনে থেকে যায়। ট্রেনটি জামালপুর স্টেশনে এসে পৌঁছলে টিকিট না থাকায় তাকে নামিয়ে দেন টিকিট চেকার।
জামালপুর স্টেশনে নেমে সে কাজের সন্ধানে বিভিন্ন দোকানে যোগাযোগ করে। রোহিঙ্গা সন্দেহে তাকে কেউ কাজ দেয়নি। অগত্যা স্টেশনে কুলির কাজ করে যা আয় করত তা দিয়েই সে খাবার কিনে খেয়ে স্টেশনের প্ল্যাটফর্মেই রাত কাটাত। এভাবেই জামালপুরে কাটে তার প্রায় এক মাস।
আরও পড়ুন: ফিনল্যান্ডে কলেজে হামলায় নিহত ১, আহত ১০
খবর পেয়ে জামালপুর সদর থানার এসআই জহিরের নেতৃত্বে তাকে জামালপুর রেলস্টেশন থেকে আটক করা হয়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ সালেমুজ্জামান জানান, আটক রুবেলকে বুধবার পুলিশি নিরাপত্তায় টেকনাফ থানায় পাঠিয়ে দেওয়া হবে।
ইত্তেফাক/অনি
