খুলনায় শহিদুল ইসলাম রাসেল (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল খাঁ বাড়ি এলাকার কবিরের বাড়ির ভাড়াটিয়া রবিউল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকার দেলোয়ার ও খাঁ বাড়ি এলাকার রাসেল দেশীয় অস্ত্র নিয়ে খাঁ বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : কাজের খোঁজে রোহিঙ্গা ক্যাম্প থেকে জামালপুরে
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মো. শাকিলুজ্জামান জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শহিদুল ইসলাম রাসেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
