তহবিল সংগ্রহে ‘গহর বাদশা ও বানেছা পরী’র মঞ্চায়ন শুক্রবার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০০:৫৮

মঞ্চশিল্পী কল্যাণ তহবিল সংগ্রহে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘গহর বাদশা ও বানেছা পরী’র বিশেষ মঞ্চায়ন। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাট্যাঙ্গনের ২০তম এই প্রযোজনা মঞ্চস্থ হবে। 

দক্ষিণাঞ্চলের লোকগাঁথা অবলম্বনে নাটকটির পুনর্কথন ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক। সেই সঙ্গে বানেছা পরী চরিত্রে অভিনয় করেছেন তিনি।  

হৃদি হক ছাড়াও এই নাটকে অভিনয় করছেন- হাবিব বাহার, জুয়েল জহুর, সুমন আহমেদ, শামিম আহমেদ, আসিব চৌধুরী, সুতপা বড়ুয়া, বিশ্বজিৎ ধরসহ আরো অনেকে।

রাজ্যের উজিরের চক্রান্তে গীলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প। সবশেষে জয় হয় সত্যের। সকল ষড়যন্ত্রের বাধা ডিঙিয়ে নিজের বুদ্ধি আর মেধা দিয়ে ১২ বছর পর গহর বাদশা জয় করেন নিজের হারানো রাজ্য। 

প্রায় অর্ধশতাধিক নাট্যকর্মী এ নাটকে কাজ করেছেন। নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। কামরুজ্জামান রনির সঙ্গীত পরিচালনায় নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাজু খাদেম। ঠান্ডু রায়হানের আলোক পরিকল্পনায় নাটকের পোশাক পরিকল্পনায় রয়েছেন মাহমদুল হাসান।

ইত্তেফাক/জেডএইচ