সাভারে নকল কয়েল কারখানায় র‌্যাবের অভিযান

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০৪:৩০

সাভারে অনুমোদনবিহীন ও নকল কয়েল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৪। এসময় কারখানাটি থেকে বিভিন্ন ব্রান্ডের প্রায় ২০ প্রতিষ্ঠানের নামে কয়েল তৈরির মালামাল জব্দ এবং ঘটনার সাথে জড়িত থাকায় চার জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

দণ্ডিতরা হলেন, সাইফুদ্দিন (৩৩), রুবেল (২৪), মিজান (৪৪) ও শেখ ফরিদকে (২৫)।

বুধবার দুপুরে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে সাভারের দক্ষিণ রাজাশন মহল্লায় অবস্থিত রোকসানা কেমিক্যাল ওয়ার্কস নামক কয়েল তৈরি কারখানায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব।

আরও পড়ুন: কুমিল্লায় বাসচাপায় কলেজছাত্র নিহত

কারখানাটি থেকে জব্দকৃত বিভিন্ন ব্যান্ডের মধ্যে ডলফিন, সুপার কিং, তুলশী পাতা, নিম, সুপার ফাইটার, ইন্ডুমেক্সসহ প্রায় ২০টি প্রতিষ্ঠানের নকল মোড়ক ও কয়েল উদ্ধার করা হয়। অন্যদিকে নকল কয়েল তৈরী করায় চারজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কারখানাটি সীলগালা করে দেয়ার পাশাপাশি প্রায় ২০ লাখ টাকার নকল কয়েল ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, রাজধানীর মিরপুর ১ নম্বর কো-অপারেটিভ মার্কেটের একটি গোডাউনে এই নকল কয়েলের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ফরিদ নামে এক ব্যক্তিকে আটক করার পর তার দেয়া সূত্র ধরে সাভারে নকল কয়েল তৈরীর কারখানায় অভিযান চালানো হয়। এখানে জায়গা ভাড়া নিয়ে আনিসুর রহমান নামে ব্যক্তি কারখানাটিতে নকল ও ভেজাল কয়েল তৈরী করে একই কয়েল বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ প্রতিষ্ঠানের নামে মোড়কজাত করে বিক্রি করে আসছিলো।

তিনি আরও বলেন, এসব কয়েল মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। পাশাপাশি এই কারখানা ও কয়েলের কোন ধরনের নিবন্ধন ও অনুমোদন নেই। কারখানার মালিক আনিসুর রহমানকে না পাওয়ায় তাকেসহ আরও যারা এ কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমআরএম