চিঠি ফাঁস, পত্রিকার বিরুদ্ধে মেগানের মামলার সিদ্ধান্ত

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১১:০৫

বেআইনিভাবে তার ব্যক্তিগত চিঠি ছাপার অভিযোগে একটি ব্রিটিশ পত্রিকার বিরুদ্ধে মামলা করতে চলেছেন ডাচেস অব সাসেক্স মেগান। গোটা বিষয়টিতে অসম্ভব ক্ষুব্ধ মেগানের স্বামী ডিউক অব সাসেক্স, রাজকুমার হ্যারিও।

১৯৯৭ সালে পাপারাৎজির তাড়ায় প্যারিসের সুড়ঙ্গে সড়ক দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে প্রাণ হারান হ্যারির মা প্রাক্তন যুবরানি ডায়ানা। হ্যারির কথায়, ‘আমি মাকে হারিয়েছি। এখন স্ত্রীকে দেখছি সেই একই ক্ষমতার হাতে পর্যুদস্ত হতে।’

যে চিঠি নিয়ে বিতর্ক, সেটি মেগান লিখেছিলেন তার বাবা টমাস মার্কলকে। টমাসই নাকি ওই পত্রিকাকে চিঠিটি দেন- এমনই জানান পত্রিকার মুখপাত্র।

আরো পড়ুন: সিনেমাগুলো ‘অনিশ্চিত’

গত ফেব্রুয়ারি মাসে সেটি প্রকাশিত হয়েছিল। পত্রিকার দাবি, তারা নিজেদের অবস্থান থেকে সরছে না। মেগানের বেশ কিছু বন্ধু গত বছর আর একটি পত্রিকাকে জানিয়েছিলেন, মেগান তার বাবাকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন। সেটা ২০১৮ সালের অগস্ট মাসের কথা। টমাস মেগানের বিয়েতে আসেননি। হ্যারি তো বটেই, নাতি আর্চির মুখও দেখেননি। মেগানের বিয়ের আগেই বিতর্কে জড়ান টমাস।

বিরক্ত হ্যারি বলেছেন, ‘ব্রিটিশ ট্যাবলয়েডগুলোর এখনকার শিকার আমার স্ত্রী। একজন মানুষের ওপরে এর কী প্রভাব পড়ে, ওরা ভাবে না।’

ইত্তেফাক/বিএএফ