আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য করা নিয়ে যা বললেন জয়নাল হাজারী

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২১:২৫

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য করা নিয়ে চলমান বিতর্ক দূর করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বক্তব্য দিলেন জয়নাল হাজারী। বৃহস্পতিবার বিকালে প্রায় সাড়ে ১৩ মিনিটের ওই ভিডিওতে তিনি উপদেষ্টা কমিটিতে সদস্যপদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'দলের অনেকেই দুই দশক ধরে বলে আসছেন, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে নেত্রী আমাকে বলেছেন আমাকে বহিষ্কার করা হয়নি। এবং সর্বশেষ তিনি আমাকে নিজ ক্ষমতা বলে দলের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে। তবে যারা গত দুই দশক ধরে আমাকে বহিষ্কার করা হয়েছে বলে আসছেন, তারাই আজ বলছেন আমাকে কমিটির সদস্য করা হয় নি।'

তিনি আরও বলেন, 'দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে  এক সাংবাদিকদের আমাকে দলের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটিতে নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এর উত্তরে বলেন, তিনি সেটা জানেন না। আমি এজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদে জানাই। কারণ রাজনীতিতে নাকি মিথ্যা বলা লাগে। কিন্তু তিনি মিথ্যা না বলে যেটা সত্য সেটা বলেছেন।

প্রধানমন্ত্রী দলের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটিতে কাদের নিয়োগ দেবেন, সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। এ সম্পর্কে সাধারণ সম্পাদক সাহেব নাই জানতে পারেন। এমনকি, নেত্রী যে আমাকে ৪০ লাখ টাকা দিয়েছেন সেটাও তিনি জানতেন না। আমি তার বাসায় গিয়ে তাকে বলেছি। আমি তাকে ধন্যবাদ জানাই, কেননা তিনি অন্তত মিথ্যা বলেননি' 

ইত্তেফাক/জেডএইচডি