স্কুলেব্যাগে ভরে ফেনসিডিল পাচারকালে চার তরুণকে আটক করেছে পুলিশ। অভিযানকালে চলন্ত বাস থামিয়ে পুলিশ তাদেরকে নামিয়ে আনে। এসময় তাদের কাঁধের পিছনে ঝুলানো ৪টি স্কুল ব্যাগ হতে ৬০ বোতল করে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
শুক্রবার চুয়াডাঙ্গার জীবননগর-কালীগঞ্জ সড়কের মুন্সী মার্কেটের সামনে থেকে ফেনসিডিল উদ্ধারসহ এ চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লা গ্রামের মিজানুর রহমানের ছেলে সুমন (২২), নূর হোসেনের ছেলে আসমাউল (২০), আব্দুস সালামের ছেলে বকুল (২১) ও মফিজুল ইসলামের ছেলে ইমন (১৯)।
আরো পড়ুন: শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেফতার
থানা সূত্রে জানা যায়, এই চারজন স্কুল ব্যাগে ফেনসিডিল ভরে জিন্নাহনগর-জীবননগর সড়কের বাসে এসে জীবননগর বাসস্ট্যান্ডে নামে। এখান থেকে তারা বাস পরিবর্তন করে জীবননগর-যশোরগামী কেজিএন পরিবহনের একটি বাসে উঠে ঝিনাইদহের কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। গোপনে খবর পেয়ে জীবননগর থানার সাব ইন্সপেক্টর সিরাজুল আলম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাসটি মুন্সী মার্কেটের সামনে থামান। এসময় বাস হতে তাদের নামিয়ে আনে পুলিশ। তাদের নিকট থাকা স্কুলব্যাগ হতে ফেনসিডিল উদ্ধার করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
