বাস-লেগুনার পাল্লাপাল্লিতে প্রাণ গেল বাইক আরোহীর

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৮:১৯

রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় বাসচাপায় এক বাইক আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বাসের সঙ্গে লেগুনার পাল্লাপাল্লি চলায় সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। নিহত ওই যুবকের নাম খালিদ। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। খালিদ পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদপুর থেকে গাবতলীমুখী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা প্রত্যয় পরিবহনের একটি বাস চাপা দেয়। একটি বাস এবং একটি লেগুনা পাল্লাপাল্লি চলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই খালিদের মাথার হেলমেট ভেঙে দুই টুকরো হয়ে যায়। একটি অংশ পড়ে থাকে রাস্তার মধ্যে। আর অন্য অংশটি ছিল তার মাথায়। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হন।

আরো পড়ুন : শুদ্ধি অভিযানে সব সংস্থা কাজ করছে : বেনজীর আহমেদ

দারুসসালাম থানার ওসি আসলাম উদ্দিন জানান, খালিদকে চাপা দেয়া বাসটি প্রত্যয় পরিবহনের হলেও বাসটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বাসটি শনাক্তে কাজ চলছে। লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি