তবুও ভারতের পাল্লাই ভারী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০১:১৮

বিশাখাপত্তনমে দিনটা অবশ্যই ছিল প্রোটিয়া ওপেনার ডিন এলগারের। তিনি, ক্যারিয়ারের ১২ তম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। সেটাও আবার ভারতীয় কন্ডিশনে। আউট হওয়ার আগে করেছেন ১৬০ রান। যদিও, তাকে শেষ বেলায় কিছুটা হলেও ছাপিয়ে গেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্চিন। আর তার ঘূর্ণি জাদুই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে রেখেছে ভারতকে।

প্রথম ইনিংসে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরি ও আরেক ওপেনার রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংসের কল্যাণে ৫২০ রানের পাহাড় তোলে ভারত। জবাব দিতে নেমে শুরুটা যাচ্ছেতাই ছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের। মাত্র ৬৩ রানের মধ্যে চার উইকেট হারিয়ে তখন ফলোঅনের শঙ্কায় ধুঁকছিল প্রোটিয়ারা।

লড়াইটা প্রথমে অধিনায়ক ডু প্লেসিসকে নিয়ে শুরু করেন ডিন এলগার। পঞ্চম উইকেট জুটিতে ১১৫ রান যোগ করেন তারা। ৫৫ রান করে আউট হয়ে যান প্লেসিস। এরপর বড়ো জুটিটা হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের সঙ্গে। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুই জন মিলে যোগ করেন ১৬৪ রান।

ককও সেঞ্চুরি পেয়েছেন। ১৬৩ বলে তিনি ১১১ রান করেন। ইনিংসে ছিল ১৬টি চার ও দুইটি ছক্কা। অন্যদিকে এলগারের ইনিংসটা ছিল আরো বেশি ধৈর্যশীল। তিনি ২৮৭ বল ছিলেন ক্রিজে। ইনিংসে ছিল চারটি ছক্কা ও ২৭টি চার।

যদিও, এই দুই জন সাজঘরে ফিরে যাওয়ার পরই ছোটোখাটো আরেকটা বিপর্যয় নামে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে। তৃতীয় দিন শেষ হওয়ার আগে আট উইকেট হারিয়ে ৩৮৫ রান করতে পারে দলটি। দুই উইকেট হাতে রেখে এখনো তারা পিছিয়ে আছে ১১৭ রানে। এখান থেকেই বলা যায়, ম্যাচের লাগামটা এখনো ভারতেরই হাতে।

এর জন্য অধিনায়ক বিরাট কোহলি চাইলে ধন্যবাদ দিতে পারেন রবিচন্দ্রন অশ্বিনকে। অশ্বিন পাঁচটি উইকেট নিয়েছেন। এই নিয়ে ক্যারিয়ারে ২৭ তম বারের মতো পাঁচ উইকেট পান অশ্বিন। ২১ তম বার তিনি এই কীর্তি গড়েন দেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ তিনি পাঁচ উইকেট পেয়েছিলেন ২০১৭ সালের আগস্টে। এবার আবারও সেই একই কীর্তি ছুলেন তিনি।

বলা যায়, দিনটায় এলগার ছাড়া ভারতীয় স্পিনাররাও আলোড়ন তুলেছেন। বাঁ-হাতি স্পিনার রবিন্দ্র জাদেজা নিয়েছেন দুইটি উইকেট।

ইত্তেফাক/এসআর