১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় এবার বিশ্ব শিক্ষক দিবস পালন করলো ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
ড. ফারজানা আলমের সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খান, সাবেক রাষ্ট্রদূত ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার আ.ফ.ম গোলম হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান কবি মুহম্মদ নূরুল হুদা, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ফরজানা আলমসহ অন্যান্য বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খান বলেন, ‘মহাভারতের দ্রোনাচার্য পঞ্চপান্ডবকে ধনুক চালনার শিক্ষা দিয়েছিলেন। ছাত্রদের কতটুকু শেখাতে পারলেন, সেই পরীক্ষা নিতে নিজেই কুমিরের সামনে লাফিয়ে পড়েছিলেন। অর্জুন তখন এমনভাবে ধনুক নিক্ষেপ করেছিলো যাতে কুমিরের চোখ বিদ্ধ হয়েছিল। বেঁচে গিয়েছিলেন দ্রোনাচার্য। পরে যখন তাকে প্রশ্ন করা হয়, কুমিরের সামনে তিনি লাফিয়ে পড়েছিলেন কেন; জবাবে দ্রোনাচার্য বলেছিলেন, আমি যে শিক্ষা দিয়েছি তা সত্য না মিথ্যা পরীক্ষা করলাম।’
আরো পড়ুন: ‘প্রধানমন্ত্রীর নির্দেশের পরও কেন সম্রাটকে আটক করা হয়নি’
কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘আই অ্যাম গিভিং মাইসেলফ। যতো সীমাবদ্ধতা থাকুক না কেন যিনি শিক্ষক, শিক্ষক হিসেবে তার গর্ব করা উচিত।’
ড. ফারজানা আলম বলেন, ‘ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে কর্মরত শিক্ষক প্রত্যেকে ভালো ছাত্র, অনেকেই বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রীধারী তারা চাইলেই আরো বেশি উপার্জন করা যায় এমন কাজে যুক্ত হতে পারতেন। কিন্তু তুলনামূলক কম বেতনের চাকরি শিক্ষকতায় এসেছেন। এই মহান পেশা বেছে নেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা ইইউবি কর্তৃপক্ষকে যারা এই ৩০০ শিক্ষককে শিক্ষা প্রদানের সুযোগ করে দিয়েছেন।’
উল্লেখ্য, ৪ অক্টোবর ডিআইইউ ইন্দো বাংলা টি ২০ টুর্নামেন্ট ২০১৯ এ চ্যাম্পিয়ন হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এই জয় উপলক্ষ্যে ইইউবির পক্ষে খেলায় অংশগ্রহণকারী সব প্লেয়ারকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য। শিক্ষক দিবস উপলক্ষ্যে বিজয়ী দল চ্যাম্পিয়ন ট্রফিটি উপাচার্যের হাতে তুলে দেয়।
ইত্তেফাক/বিএএফ
