ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ব্রেক্সিট ইস্যুতে দোষারোপের খেলা বন্ধ করতে বলেছে ইইউ(ইউরোপীয় ইউনিয়ন)। ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, অ্যাঞ্জেলা মার্কেল অগ্রহণযোগ্য দাবি-দাওয়া তোলার কারণে শর্তযুক্ত ব্রেক্সিট চুক্তি সম্ভব হচ্ছে না। এরপরই জনসনের এই ধরনের মন্তব্যকে 'বোকার উক্তি' উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়ন দাবি করে, তিনি(বরিস জনসন) দোষারোপের খেলা খেলছেন। একইসঙ্গে তাকে এ ধরনের খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এদিকে আর মাত্র ২৩ দিন বাদেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসতে যাচ্ছে ব্রিটেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন পাল্টাপাল্টি পরস্পরকে দোষারোপ করতে থাকায় ব্রেক্সিট চুক্তি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। চুক্তিটি দীর্ঘায়িত হওয়া বা শর্তহীন ব্রেক্সিট চুক্তির জন্য কোন পক্ষই নিজের ঘাড়ে দোষ নিতে রাজি নয়।
আরও পড়ুনঃ চুক্তি না বুঝেই হতাশা প্রকাশ পুরনো কুঅভ্যাস: তথ্যমন্ত্রী
ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার বরিস জনসন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে ব্রেক্সিট ইস্যুতে বৈঠকে বসেছিলেন। সেখানে জনসনের প্রস্তাবগুলো মেনে নিতে রাজি হননি মার্কেল। মার্কেল দাবি করেন, প্রস্তাবগুলোর মধ্যে একটি প্রস্তাব মেনে নেওয়া একেবারেই অসম্ভব। পক্ষান্তরে জনসনের কার্যালয় জানায়, যদি মার্কেল উত্তর আয়ারল্যান্ডকে ইউরোপীয় ব্লকে রাখার ব্যাপারে গোঁ ধরে থাকেন, তবে শর্তযুক্ত ব্রেক্সিট কখনই সম্ভব নয়।
ইত্তেফাক/এসএইচএম
