বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ১২ অক্টোবর

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৭:৪২

বেসিসের উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর সৌজন্যে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৯। আগামী ১২ অক্টোবর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় এ বছর জমা পড়েছে ১ হাজার ১৭৫টি প্রকল্প। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-এর এই আসরে মোট ৩৫টি ক্যাটাগরিতে ১০৫টি পুরষ্কার প্রদান করা হবে। বৃহস্পতিবার রাজধানীর বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, বেসিস পরিচালক এবং বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ এর আহ্বায়ক  দিদারুল আলম। এ সময় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম, ডিএমডি এবং হেড অব বিজনেস ফাইন্যান্স, রিজওয়ান দাউদ শামস এবং হেড অব করপোরেট  কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌসসহ প্রমুখ।
 
উল্লেখ্য, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করা হয় এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরষ্কার প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো  দেশের  তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরছে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস থেকে প্রাপ্ত বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত করা হবে। এ বছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আগামী ১৮-২৩ নভেম্বর ২০১৯ ভিয়েতনামের হা লং বে-তে অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/জেডএইচডি