পরিবারের ৫ সদস্যকে খুনের দায়ে অভিযুক্ত ৯ বছরের বালক

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৭:৩৭

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস রাজ্যে নিজ পরিবারের ৫ সদস্যকে আগুন লাগিয়ে হত্যার দায়ে আটক হয়েছে ৯ বছরের এক বালক। তার নাম কাইল অলউড বলে জানা গেছে। এ বছরের ৬ এপ্রিল একটি ক্যারাবান ভ্যানে আগুন লাগিয়ে সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। বৃহস্পতিবার তার বিচারকার্য শুরু হয়েছে।খবর স্কাই নিউজের।

 

কাইলের মা ক্যাটরিনা অলউড আদালতকে বলেন, 'কাইল কোন দানব নয়। সবাই তার দিকে যেভাবে তাকায়, সে আসলে তা নয়।' তিনি দাবি করেন, তার ছেলে বেশ কয়েকটি মানসিক রোগে আক্রান্ত। সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার ও এডিএইচডি'র মতো জটিল রোগগুলো তাকে ছোটবেলা থেকে বেশ ভোগাচ্ছে।

ক্যাটরিনা আদালতের কাছে আর্জি জানান, 'হ্যাঁ, আমি মেনি নিচ্ছি, সে যা ঘটিয়েছে, তা খুবই বেদনাদায়ক। কিন্তু এর জন্য তার জীবনটাকে তো ছুঁড়ে ফেলে দিতে পারি না।'

কাইল যে ৫ জনকে খুনের দায়ে অভিযুক্ত, তাদের মধ্যে দুইজন তার সৎ ভাই-বোন। একজন ১ বছর বয়সী এরিয়েল ওয়াল এবং অন্যজন ২ বছর বয়সী ডায়মিওন ওয়াল। এছাড়া সেই ক্যারাবানে রোজ অলউড নামে দুই বছর বয়স্ক তার একজন চাচাতো বোনও ছিল। ওই অগ্নিকাণ্ডে আরও মারা যান কাইলের সৎ বাবা জেসন ওয়াল(৩৪) এবং জেসনের দাদী ক্যাথরিন মুরে(৬৯)। পাঁচজনই আগুনে দম বন্ধ হয়ে মারা গিয়েছিলেন।

ক্যাটরিনা আদালতকে জানান, অগ্নিকান্ডের পর তিনি সেখানে দৌড়ে এসেছিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছিল। ক্যাটরিনা ক্যারাবানের বাইরের জানালা দিয়ে তার ২য় স্বামী ও অন্যান্যদের উদ্দেশ্যে বলেছিলেন, 'আমি তোমাদের ভালবাসি।'  তিনি আদালতকে বলেন, ওই ৫ জনকে দাঁড়িয়ে থেকে ভ্যানের ভিতর পুঁড়তে দেখা ছাড়া তার তখন আর কিছুই করার ছিল না।

আরও পড়ুনঃ আবরার হত্যা মামলার নিখুঁত চার্জশিট শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

কাইলের চাচী সামান্থা অলউড(মৃত রোজের মা) কাইলের উপযুক্ত বিচার দাবি করলেও এসময় ক্যাটরিনা অলউড আদালতকে বলেন, যত কিছুই হয়ে যাক, তিনি তার ছেলেকে ভালবাসেন।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, খুনের সময় কাইল অলউডের বয়স ৮ বছর ছিল। সে ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এমন প্রমাণিত হলে তার ১৩ বছরের জেল হতে পারে। আর এরকম ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্রে কাইলই প্রথম ব্যাক্তি হবেন, যিনি এত কম বয়সে এত বড় শাস্তি ভোগ করবেন।

ইত্তেফাক/এসএইচএম