আবরার ফাহাদ হত্যা: এজাহারভুক্ত আসামি মোয়াজ গ্রেফতার

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৩:১৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি মোয়াজ আবু হুরায়রাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মোয়াজ বুয়েটের ইইই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।

আজ শনিবার বেলা ১১ টার দিকে রাজধানীর উত্তরার ১৪নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল। মোয়াজের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পিরপুর গ্রামে। তার বাবার নাম মাশরুর-উজ-জামান।

প্রসঙ্গত, ৬ অক্টোবর রাতে বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে নিহত হন আবরার ফাহাদ। বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
এ ঘটনায় পরদিন ৭ অক্টোবর আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওইদিনই বুয়েটের ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

ইত্তেফাক/এএম