চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) লেভেল-১ কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ‘ক’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) লিখিত পরীক্ষা নির্ধারিত সময় সকাল ১০টায় থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়।
অপরদিকে দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ১২টি বিভাগে ভর্তির জন্য নিয়মিত ৮৯০ আসনের (১১ টি উপজাতি কোটাসহ সর্বমোট ৯০১ আসন) বিপরীতে মোট ১০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে ভর্তি পরীক্ষার দিন সকাল ১১টায় চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেলো সোনারগাঁ
ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে চুয়েটের ভিসি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফলসহ ভর্তি সম্পর্কিত যাবতীয় নির্দেশনা ও তথ্য-উপাত্ত চুয়েটের ওয়েবসাইটে ( http://www.cuet.ac.bd/admission ওhttp://student.cuet.ac.bd/admission2019) পাওয়া যাবে।
ইত্তেফাক/এসি
