বুরকিনা ফাসোতে মসজিদে হামলায় নামাজরত অবস্থায় নিহত ১৬

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৬:৩৯

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি মসজিদে হামলা চালিয়েছে অজ্ঞাত কিছু বন্দুকধারী। মসজিদটিতে তখন বেশ কয়েকজন মুসলমান নামাজ পড়ায় ব্যস্ত ছিলেন। এ হামলার ফলে নামাজরত অবস্থাতেই অন্তত ১৬ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকা সালমোসিতে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।  

বিবিসি জানায়, বন্দুকধারীরা মসজিদে নামাযরত মুসল্লিদের উপর হামলা করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে মারা গেছেন আরও ৩ জন। হাসপাতালসূত্রে জানা গেছে, ২ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। বাকিরা আশঙ্কামুক্ত আছেন।

এদিকে এ হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। পাশ্ববর্তী গোরম-গোরম শহরের এক বাসিন্দা জানান, ঘটনার পরই সেনা মোতায়ন করা হয়েছে। কিন্তু সকাল থেকেই স্থানীয়রা প্রাণভয়ে মালি সীমান্তের গ্রামগুলোতে আশ্রয় নেয়ার জন্য এলাকা থেকে পালাচ্ছেন।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করে নি। ২০১৫ সালে পার্শ্ববর্তী দেশ মালি থেকে বিতারিত হবার পর থেকে বুরকিনা ফাসোতে খুব সক্রিয় হয়ে উঠেছে জিহাদীরা। তারা ইতোমধ্যে দেশটির হাজার হাজার স্কুল বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুনঃ জাতিসংঘ প্রতিনিধিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্যমতে, গত তিন মাসে বুরকিনা ফাসোর প্রায় ৩ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়েছে। গত সপ্তাহেও দেশটির উত্তরাঞ্চলের এক স্বর্ণ খনিতে জিহাদীদের হামলায় ২০ জন নিহত হয়েছিলো।

ইত্তেফাক/এসইউ/এসএইচএম