জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ । রাজধানীর র্যাডিসন হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের এ আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এর আহ্বায়ক ও বেসিস পরিচালক দিদারুল আলম বলেন, এবছরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের আদলে সাজানো হয়েছে। থাকছে বিগত বছরের বিজয়ীদের প্রকল্প প্রদর্শনী, লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি, নতুন আদলে বানানো আইসিটি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আজকের আয়োজনের মধ্য দিয়ে।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা। আমরা এ উদ্যোগের সঙ্গে দীর্ঘমেয়াদে থাকতে চাই।
সভাপতির বক্তব্যে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি এবং উত্সাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করি। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো আমাদের তথ্যপ্রযুক্তি খাতের বিস্তৃত সম্ভাবনাগুলোই তুলে ধরছে। মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে।
বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সরকারের অঙ্গীকার। জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রই ডিজিটালাইজড করার কাজ চলছে। দেশীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের হাত ধরেই এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ। দেশীয় তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানসমূহকে সম্মানিত এবং উত্সাহিত করছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস। আমি বেসিসের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেন, তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রায় বেসিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশ থেকে ৩৫টি ক্যাটাগরিতে প্রকল্প বাছাই করে পুরস্কার প্রদান আমাদের তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টদের জন্যে বিরাট সম্মানের। পাশাপাশি বিজয়ীরা আইসিটি অস্কারখ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে যাওয়ার সুযোগ পাচ্ছে। যা নিঃসন্দেহে প্রতিযোগীদের উত্সাহিত করবে।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বেসিসের উদ্যোগে তৃতীয় বারের মতো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলো। আমি গর্বিত এটা জানতে পেরে যে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়ো দল এবার ভিয়েতনামে অনুষ্ঠেয় অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নিতে যাচ্ছে। আমাদের দেশকে এ প্রতিযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি বেসিস-এর এ উদ্যোগকে সাধুবাদ জানাই ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

