মদ পানে ব্যস্ত ছিলেন একজন পর্যটক। আর সেই কারণে সময় মতো বিমানে উঠতে না পারায় তা মিস করেন তিনি। কিন্তু বিমান তার জন্য কেন অপেক্ষা করে নাই-এ জন্য বিমানবন্দরে ব্যাপক তাণ্ডব চালান। ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের প্রস্থান লাউঞ্জে মদপানে ব্যস্ত ছিলেন ঐ পর্যটক। এতটাই ব্যস্ত ছিলেন যে খেয়ালই করতে পারেননি ফ্লাইটের যাত্রার কথা। পরে যখন মনে পরে তখন তিনি দ্রুত বিমানের দিকে যাত্রা করেন। ততক্ষণে বিমান ছেড়ে দেয়।
আরো পড়ুন: আবরার হত্যার বিচার দ্রুত শেষ করতে আইনমন্ত্রীকে নির্দেশ প্রধানমন্ত্রীর
এরপর ফ্লাইট মিসের কারণে বিমানবন্দরের চেকইন কক্ষে ভাঙচুর শুরু করেন তিনি। কম্পিউটার, বৈদ্যুতিক সরঞ্জাম, চেয়ার ভাঙতে শুরু করেন। খবর পেয়ে এর কয়েক মিনিট পরেই নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। কিন্তু তাকে শান্ত করতে হিমশিম খান তারা। এসময় পুলিশের এক সদস্য ঝাঁপিয়ে পরে তাকে ধরে ফেলেন।
এরপর তাকে বিমানবন্দর পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
