এবার অভিনয়ে ইরফান পাঠান!

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৬:২৮

একেবারে নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা ইরফান পাঠান। এবার মাঠে নয় বরং বাঁ হাতি এই বোলারকে দেখা যাবে শুটিং ফ্লোরে। বলিউডের কোনো ছবিতে নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই ইরফানের অভিনয় জীবনের শিকে ছিঁড়তে চলেছে। ছবির নাম ‘বিক্রম ৫৮’। 

ছবিটি পরিচালনা করবেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অজয় জ্ঞানামুথু। যিনি এর আগে ডেমন্ত কলোনি, ইমাইকা নদিগালের মতো একাধিক সিনেমা পরিচালনা করেছেন। তবে রুপোলী পর্দায় অবতরণ করার সিদ্ধান্ত নিলেও কীরকম চরিত্রে ঠিক দেখা যাবে ইরফানকে তা কিন্তু খোলসা করেননি তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ইরফান লিখেছেন, ‘নতুন উদ্যোগ, নতুন চ্যালেঞ্জের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আরো পড়ুন: বুয়েটে সন্ত্রাস রুখে দেওয়ার শপথ

ইরফান অভিনীত দক্ষিণী এই ছবির সংগীত পরিচালনা করবেন এআর রহমান। প্রযোজনায় সেভেন স্করিন স্টুডিও। শোনা গিয়েছে, ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকছেন তিনি। জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিক্রমও রয়েছেন। তবে আর কে বা কারা অভিনয় করছেন এই ছবিতে তা জানা যায়নি। খুব শিগগিরিই শুরু হবে ছবির শুটিং।

প্রসঙ্গত, ২০১২ সালে শেষবার দেশের জার্সি গায়ে খেলেছিলেন ইরফান পাঠান। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচেই তাকে দেখা গিয়েছিল মাঠে। ক্রিকেট জীবনে ২৪টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচও খেলেন ইরফান।

ইত্তেফাক/বিএএফ