সাভারে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় এক নারী এবং অপর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে রিকশাচালক যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ এবং মঙ্গলবার রাতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। সে রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকার রুস্তম আলীর ছেলে। সে সাভারের হেমায়েতপুর এলাকার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে যাদুরচর এলাকার একটি খোলা মাঠে মোস্তাফিজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি থানায় ফোন করে জানায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
অন্যদিকে, মঙ্গলবার রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় অজ্ঞাত পরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস জানান, ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজধানী পরিবহনের একটি বাস অজ্ঞাত ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় তার হাতে একটি লাঠি ও বাটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি একজন ভিক্ষুক ছিলেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের মধ্যে ঢুকে পড়া হাইব্রিডদের ঝেটিয়ে বের করতে হবে
তিনি আরও বলেন, নিহত ওই নারীর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
