গোপালগঞ্জ সদরে মিজানুর রহমান (৪০) নামে এক ভুয়া ডাক্তারকে ছয় মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রম্যমাণ আদালতের বিচারক সালাহউদ্দীন দিপু এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মিজানুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।
আরও পড়ুন: ‘বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ফিফা’র সহযোগিতা অব্যাহত থাকবে’
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. নাদিম সিকদার জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ শহরের মেডিনোভা ডায়গনস্টিক সেন্টারে ভুয়া নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ওই ভুয়া ডাক্তার বিএমবিসি তালিকাভুক্ত নয় বলে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. তরুণ মণ্ডল মোবাইল কোর্টকে নিশ্চিত করেন। সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে মোবাইল কোর্টের বিচারক সালাহউদ্দীন দিপু চিকিৎসক মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন। এছাড়া অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দেন। ওই চিকিৎসককে জেলাহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম
